বৃহস্পতিবার , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বেসরকারিভাবে চাল আমদানি : এলসি খোলার সময় বাড়ল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য এলসি খোলার সময় বাড়িয়েছে সরকার। ২১ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়ে সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বৈদেশিক সংগ্রহ) মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কয়েকটি স্মারক নম্বর উল্লেখ করে বলা হয়, বেসরকারিভাবে নন-বাসমতি সিদ্ধ চাল ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে বরাদ্দ করা চাল আমদানির লক্ষ্যে এলসি (লেটার অব ক্রেডিট) খোলার সময়সীমা চাল আমদানির স্বার্থে আগামী ২১ আগস্ট পর্যন্ত নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো।

এলসি সম্পর্কিত তথ্য (পোর্ট অব এন্ট্রিসহ) তাৎক্ষণিকভাবে ইমেইলে (sasep@mofood.gov.bd) অবহিত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

চালের দামের ঊর্ধ্বগতি রোধে প্রথম দফায় গত ৩০ জুন বেসরকারিভাবে চার লাখ নয় হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৯৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছিল।

এরপর গত ৪ জুলাই দ্বিতীয় দফায় ১২৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৬ হাজার টন এবং তৃতীয় দফায় গত ৭ জুলাই ৬২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮২ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য অনুমতি দেওয়া হয়েছিল। এরপর আরও কয়েক দফায় বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেওয়া হয়।