বৃহস্পতিবার , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মোংলা বন্দরে `ট্রাম্প’ নিয়ে এলো মেট্রোরেলের ৮ কোচ ও চার ইঞ্জিন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ অক্টোবর, ২০২২

দ্বাদশ চালানে মেট্রোরেলের আটটি কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ভেনাস ট্রাম্প। শনিবার (১ অক্টোবর) বিকাল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা জানান, আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রাম্প। পথিমধ্যে কোরিয়ার মারসান বন্দর থেকে পাওয়ার প্লান্টের মেশিনারি পণ্য নিয়ে আসে জাহাজটি।

তিনি আরও জানান, মেট্রোরেলের কোচ ও ইঞ্জিনের পাশাপাশি ৪৪০ মেট্রিক টন ওজনের মেশিনারি ও পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের ৩৬৭ মেট্রিক টন ওজনের ৭৫ প্যাকেট মেশিনারি পণ্য নিয়ে ভেনাস ট্রাম্প বিকালে জেটিতে ভিড়ে।

জাহাজ ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, এর আগে গত ২২ আগস্ট আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেট মেশিনারি পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন এই বন্দরে এসেছিল। এরপর শনিবার (১ অক্টোবর) বিকালে আটটি কোচ ও চার ইঞ্জিন এলো। এই পর্যন্ত মেট্রোরেলের ৭৮টি কোচ ও ৩৮টি ইঞ্জিন এসেছে। মেট্রোরেলের ১৪৪টি কোচ ও ইঞ্জিনের মধ্যে ১১৬টি কোচ-ইঞ্জিন এসেছে। বাকি ২৮টি কোচ ও ইঞ্জিন ধারাবাহিকভাবেই এই বন্দর দিয়েই আমদানি, খালাস ও পরিবহন হবে।