মঙ্গলবার , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইয়েমেনে যাকাতের অর্থ নিতে গিয়ে নিহত ৮৫, আহত শত শত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

ইয়েমেনে রাজধানী সানায়-এ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাকাতের অর্থ বিতরণের সময় মারাত্মক পদদলনে হতাহতের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে বার্তাসংস্থা এএফপি জানায়, পদদলিত হয়ে নিহতের পাশাপাশি কমপক্ষে আরও ৩২২ জন আহত হয়েছেন।
ইয়েমেনের দ্বিতীয় একজন স্বাস্থ্য কর্মকর্তাও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় অবস্থানরত এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী একটি স্কুলের ভেতরে এই ঘটনা ঘটেছে।

নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং যাকাত বিতরণে অনিয়মের জন্য দায়ীদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এই ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক আরেক বিবৃতিতে আরও বলেছে, যাকাতের অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজনের জন্য দায়ী দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে।

উল্লেখ্য, আরব উপদ্বীপের দরিদ্রতম এই দেশটি বহু বছর ধরে যুদ্ধপীড়িত এবং এই কারণে দেশটির বেশিরভাগ মানুষই দরিদ্র।